এশিয়ান স্কুল এন্ড কলেজ গড়ে উঠার ইতিহাস -
প্রকাশিত: 17 Apr 2026

এশিয়ান স্কুল এন্ড কলেজ গড়ে উঠার ইতিহাস -

ইলামিত্র খ্যাত বরেন্দ্র অঞ্চল নাচোলে শিক্ষার আলো ও মান বৃদ্ধির লক্ষ্যে ২০০৮ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জনাব মো: ইসাহাক আলী এশিয়ান প্রি-ক্যাডেট স্কুল নামকরণে প্রাথমিক শাখার অনুমোদন পায়। শিক্ষাঙ্গনটি নাচোল বাসস্ট্যান্ডে ছনের ঘরে ২৫৩ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও ১জন কর্মচারী নিয়ে পথচলা শুরু করে। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে থাকে। পরবর্তীতে হাজারো শিক্ষার্থীর পদচারণায় প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে এশিয়ান প্রি-ক্যাডেট স্কুলকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে রুপান্তরিত করা হয়। ফলে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এশিয়ান স্কুল এন্ড কলেজ রাখা হয় এবং প্রতিষ্ঠানটি ছনের ঘর থেকে উন্নীত হয়ে, নতুন ঠিকানা নাচোল চেয়ারম্যানপাড়ায় পাকা দালান দিয়ে নির্মাণ করা হয়। যেখানে বর্তমানে পড়ালেখার জন্য যুগোপযোগী একাডেমিক ভবন সহ আবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মিত হয়েছে। ২০১২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক শাখার অনুমোদন পেলেও উচ্চ মাধ্যমিক শাখার অনুমোদন পাইনি । তবুও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো : ইসাহাক আলী থমকে থাকেন নি। অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উচ্চ মাধ্যমিক শাখার শ্রেণী কার্যক্রম অত্র প্রতিষ্ঠানেই চালাতেন এবং নাচোল রাজবাড়ী কলেজের অধীনে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেন। পরবর্তীতে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো : ইসাহাক আলীর চেষ্টা, বিচক্ষণতা, পরিশ্রম এবং এশিয়ান স্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পরিশ্রমের ফলশ্রুতিতে ২০২৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখার পাঠদান অনুমোদন পায়। ফলে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার পাঠদান কার্যক্রম নিজস্ব রেজিষ্ট্রেশনে চালিয়ে যাচ্ছে। বর্তমানে শিক্ষাঙ্গনটি উত্তরাঞ্চলের একটি আধুনিক, অগ্রগতিশীল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষাঙ্গনটি গৌরব ও প্রাপ্তির দিক দিয়ে বারবার নিজেকে প্রমাণ করে যাচ্ছে। বর্তমানে ২৩২৪ জন শিক্ষার্থী, ৬৩ জন শিক্ষক ও ২২ জন কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। গত ১৭ বছরে জ্ঞান আহরণ এবং নিজেকে জানার প্রত্যয়ে অত্র প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পা রেখেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় ১২ বিঘা জমির উপর নির্মিত। যেখানে রয়েছে শিক্ষার্থীদের মনোরম পরিবেশে পাঠদানের সু-ব্যবস্থা, মেধার বিকাশ বৃদ্ধির জন্য সুবিশাল খেলার মাঠ, গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাব সহ কম্পিউটার ল্যাব। এছাড়াও মনোরম পরিবেশে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের সু-ব্যবস্থা এবং ৩ বেলা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনের জন্য সুবিশাল ক্যান্টিন। শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাবতীয় কেনাকাটার সুবিধার্থে রয়েছে ক্যাম্পাসের মধ্যে আধুনিক সুপার শপ।